নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই অটোচার্জারসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক চালককে আটক করেছে পুলিশ। পরে গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই নতুন পুলিশ পোস্টে স্থাপিত বিশেষ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল যানবাহন তল্লাশি করছিল। এ সময় একটি অটোচার্জার সন্দেহজনক মনে হলে গাড়িসহ চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক নাসির উদ্দিন সাগর জানান, তিনি নাটোরের মাদ্রাসা মোড় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় অটোচার্জারটি চুরি করে নিয়ে আসছিলেন। আটক নাসির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে।
পরে গাড়ির মালিক নাটোর সদর উপজেলার নারায়ণকান্দি গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে অটোচার্জারটি শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে শুক্রবার আত্রাই থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কে অপরাধ প্রতিরোধ ও যানবাহন চলাচল নিরাপদ রাখতে রাতেও একাধিক চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
The post আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই অটোচার্জারসহ চালক আটক appeared first on ভোরের চেতনা.
