আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল, উরুগুয়ের পরে কলকাতায় ফুটবলপ্রেমীদের জন্য বড় চমকের কথা শোনা যাচ্ছে! আগামী ২৫ নভেম্বর কলকাতায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ আয়োজনের খবর ঘিরে শুরু হয়েছে প্রবল চর্চা।
বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এই দুই দলের লড়াই দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর সেই এল ক্লাসিকো যদি কলকাতার মাটিতে আয়োজন করা হয়, তা হলে ফুটবল উন্মাদনা যে অন্য মাত্রায় পৌঁছবে, তা বলাই বাহুল্য।
একসময় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ এল ক্লাসিকোকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাঁদের লড়াই দেখতে গোটা বিশ্বের নজর থাকত স্পেনের দিকে। তার আগে ডেভিড বেকহ্যাম, রোনাল্ডো, রোনাল্ডিনহোরা এল ক্লাসিকোর মঞ্চ কাঁপাতেন। বর্তমানে মেসি ও রোনাল্ডো আর বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন না। রোনাল্ডো-রোনাল্ডিনহোরা বুট জোড়া তুলে রেখেছেন আগেই। তাঁদের জায়গায় এখন কিলিয়ান এমবাপে, রাফিনিয়া-সহ একাধিক তারকা ফুটবলার এই মহারণের আকর্ষণ বাড়াচ্ছে।
তবে ম্যাচের ভেন্যু, আয়োজক, টিকিটের দাম এবং দুই দলের তারকা ফুটবলারদের উপস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য নেই। যদিও প্রশাসনিক একটি সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতায় এই ম্যাচ হতে চলেছে।
এর আগে কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিল দলকে নিয়ে কলকাতায় খেলে গিয়েছেন। তাদের প্রতিপক্ষ ছিল খালিদ জামিলের ভারত। তার পরে দিয়েগো ফরলানের উরুগুয়েও খেলেছে ভারতের বিরুদ্ধে। সব ঠিকঠাক থাকলে এবার এল ক্লাসিকো শহরের বুকে।
