রাজধানীর আসাদগেট এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টা ২৫ মিনিটের দিকে আসাদগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির বেপারি শান্ত (২৩)। আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, ফাইমুল হাসানের বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং আবির ব্যাপারী শান্তর বাড়ি ভোলা জেলায়। তারা ঢাকার বিভিন্ন এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের নাম-ঠিকানা ও পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসি/পিআর) যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তারা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করতো।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ছিনতাইকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমটিআই/এসএএ
