ঢাকা,১৬ অক্টোবর-চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, এ সময়ে দেশে মোট এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬
