নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর জায়গা দখল করে সীমানা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (১৮ অক্টোবর) নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া-লক্ষণখোলা এলাকায় গত শুক্রবার থেকে নদীর জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ শুরু করে সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষ। অল্প সময়ের মধ্যেই অধিকাংশ অংশে দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি বিআইডব্লিউটিএর সীমানা পিলার উপড়ে ফেলে এবং কাঁটাতারের বেড়া সরিয়ে সেখানে স্থায়ী দেয়াল নির্মাণ করা হচ্ছিল। এতে আগে উদ্ধার করা নদীর জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয়রা জানান, ২০২০ সালের জানুয়ারিতে বিআইডব্লিউটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে সোহাগপুর টেক্সটাইল মিলের অবৈধ দখলে থাকা প্রায় চার একর জমি উদ্ধার করে। পরে ওই জায়গায় কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানূর রহমান জানান, নদীর জায়গা দখলের খবর পেয়ে রোববার সেখানে কর্মকর্তাদের পাঠানো হয়। সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়ায় দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সোহাগপুর টেক্সটাইল মিলের পরিচালক ইসহাক খান বলেন, বিআইডব্লিউটিএ থেকে জায়গাটি মিলের নামে স্থায়ী বন্দোবস্ত (পার্মানেন্ট লিজ) নেওয়া রয়েছে। সে হিসেবে জায়গাটি মিল কর্তৃপক্ষের। রোববার বিআইডব্লিউটিএর লোকজন এসেছিলেন। তাঁরা এ বিষয়ে অফিসে যোগাযোগ করতে বলেছেন।
