প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম ধূপপানি পাড়ার শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করেছে ‘ধূপপানি শিশুকানন’ নামে একটি বিদ্যালয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর উদ্যোগে এবং বিলাইছড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ১১ জন শিশুর পাঠদান চলছে।
ধূপপানি পাড়াটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার শিশুদের জন্য বিদ্যালয়ে যাওয়া দীর্ঘদিন ধরেই কঠিন ছিল। নিকটবর্তী বিদ্যালয়ে পৌঁছাতে তাদের প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। দুর্গম পথের কারণে ছোট শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক অভিভাবকও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করেন।
এ পরিস্থিতিতে পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে প্রতিষ্ঠা করা হয় ‘ধূপপানি শিশুকানন’। বিদ্যালয়টির কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ তত্ত্বাবধান করছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টি দুর্গম এলাকার শিশুদের কাছে শিক্ষার সুযোগ পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
স্থানীয় শিশুদের কাছাকাছি শিক্ষার ব্যবস্থা হওয়ায় নিয়মিত পাঠদানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে ১১ জন শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম চলছে।
সংশ্লিষ্টদের আশা, বিদ্যালয়টির পাঠদান অব্যাহত থাকলে ধূপপানি পাড়ার শিশুরা শৈশব থেকেই আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পাবে। এতে দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার পথে বাধা কমবে এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ বাড়বে।
