বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনা ও পূর্বশত্রুতার জের ধরে কাওছার হাওলাদার (৩৮) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে মাদারীপুরের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উজিরপুর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সাতলা-কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্তে কাওছার ও রাশেদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রাণ বাঁচাতে তারা পাশের বিলে ঝাঁপ দিয়ে নিকটের একটি বাড়িতে আশ্রয় নেন। তবে হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে সাতলা একতা বাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়েছিল।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ৯ আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
