খুলনার ফুলবাড়িগেট এলাকায় রেললাইনের মাত্র ১০০ গজ দূরত্বের মধ্যে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টার মধ্যে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এক তরুণ ও এক বৃদ্ধ রয়েছেন। ভোর ৫টা ৪০ মিনিটে প্রথম দুর্ঘটনায় নিহত হন মাহাফুজুল ইসলাম সিয়াম (২২)। তিনি ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে। ঢাকা থেকে খুলনাগামী ‘শিপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই সকাল ৯টার দিকে মাত্র ১০০ গজ দূরে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এতে ঈশ্বরদী থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধ প্রাণ হারান। রেলওয়ে পুলিশ জানায়, নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
