Dhunuchi Dance
সিঁদুর খেলা , ধুনুচি নাচে অংশ নিলেন ফ্রান্স থেকে আসা বিদেশিনীরা
-
- 21 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
সুদূর ফ্রান্স থেকে আসা বিদেশিনীদের অংশগ্রহণে অন্য মাত্রা পেল আশা ভবন সেন্টারের বিজয়া দশমীর অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্যবাহী সিঁদুর খেলা ও ধুনুচি নাচে অংশ নিলেন ফ্রান্সের এই বিদেশিনীরা। ঢাকের তালে ধুনুচি হাতে তাঁদের নাচ উপস্থিতদের নজর কাড়ে।
বিজয়ার অনুষ্ঠানে শুধু দর্শক হয়ে থাকেননি তাঁরা। উৎসবের বিভিন্ন পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। সিঁদুর খেলায় উপস্থিত মহিলাদের সঙ্গে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ধুনুচি হাতে ঢাকের তালে নাচে সামিল হন ফ্রান্সের বিদেশিনীরা। বাংলার দুর্গোৎসবের রীতিনীতি ও আনন্দের সঙ্গে তাঁদের এই স্বতঃস্ফূর্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যেই উৎসাহ তৈরি করে। হাওড়ার উলুবেড়িয়ার কাটিলায় অবস্থিত
পিডাব্লুডি ফোরাম অব আশা ভবন সেন্টারের ১৬তম বর্ষের দুর্গাপুজোর মঙ্গলবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়। মণ্ডপের সমস্ত কলা ও শিল্পকর্ম তৈরি করেছে ফোরামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও শিল্পপ্রতিভাকে কাজে লাগিয়ে মণ্ডপসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তারা।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে তৈরি মণ্ডপ এবং সুদূর ফ্রান্স থেকে আসা বিদেশিনীদের বাংলার দুর্গোৎসবের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া—দুইয়ের মেলবন্ধনে আশা ভবন সেন্টারের এবারের পুজো ও বিজয়া পেয়েছে আলাদা মাত্রা। বিজয়ার সিঁদুর খেলা ও ধুনুচি নাচে ফ্রান্সের বিদেশিনীদের অংশগ্রহণ হয়ে উঠেছে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
