চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবে ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, বিশ্বকাপের আগে বুমরাকে তিন সংস্করণেই নিয়মিত খেলানো উচিত নয়।
টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁকে বেছে বেছে খেলানো প্রয়োজন, যাতে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যায় এই পেসারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বুমরার কাজের চাপ নিয়ন্ত্রণ করা ভারতীয় দলের অন্যতম অগ্রাধিকার হতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে একাধিকবার চোটে পড়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে শাস্ত্রীর পরামর্শ, সব সংস্করণে নিয়মিত খেলানোর পরিবর্তে বুমরার ফিটনেস ও শারীরিক সক্ষমতা ধরে রাখার দিকে নজর দেওয়া উচিত। সনি স্পোর্টসে শাস্ত্রী বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমার মনে হয় না, তার তিন সংস্করণেই খেলা উচিত।
মূলত টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত তার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারে বেছে বেছে। নিউজিল্যান্ডে দুটি টেস্টের জন্য আমি বরং তাকে সতেজ রাখতে চাই। সেখানে সে খুবই গুরুত্বপূর্ণ হবে।’
নিউজিল্যান্ড সফরের গুরুত্ব তুলে ধরে ভারতের সাবেক এই কোচ আরও বলেন, ‘পুরো সফরটাই গুরুত্বপূর্ণ।
ভারতীয় ক্রিকেট কোন দিকে যাচ্ছে, সেটার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই সফর থেকে। সেখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে ভারত যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তার কিছুটা প্রতিফলনও হতে পারে।’
এদিকে ভারতের দলে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের ফেরার সম্ভাবনা নিয়েও ইতিবাচক শাস্ত্রী।
তাঁর মতে, অভিজ্ঞতা ও বোলিং দক্ষতার কারণে ভুবনেশ্বরকে দলে বিবেচনা করা যেতে পারে।
শাস্ত্রী বলেন, ‘অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ বোলার দলে থাকলে তাকে নেওয়া নিয়ে নতুন করে ভাবার কিছু নেই।
আইপিএলে সে যে ফর্ম দেখিয়েছে এবং ভারতের হয়ে এত বছর খেলার অভিজ্ঞতা—সব মিলিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে সে আদর্শ বোলার।’
ডিসি/আপ্র/১৯/১০/২০২৬
