Google Play Store-এ ভুয়ো Chrome অ্যাপ, কী ভাবে চিনবেন?ছবি: AI নির্মিত
Published on
:
2 min read
স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য Google Chrome অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই ব্রাউজ়ারের নাম ও লোগো নকল করে Google Play Store-এই একটি ভুয়ো অ্যাপ প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি এমনটাই জানিয়েছে গুগল।
শুধু তাই নয়, ওই অ্যাপটি প্রায় ১ লক্ষেরও বেশি ইউজ়ার ডাউনলোড করেছেন। এমনকী, Play Store-এ সার্চ করলে বিজ্ঞাপনেও অ্যাপটি আসল Chrome-এর উপরে দেখা যাচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর Google অ্যাপটি সরিয়ে দেয় বলে জানিয়েছে The Times of India।
কী ভাবে সামনে এল বিষয়টি?
১৪ অক্টোবর এক Reddit ইউজ়ার Google Play Store-এ পাশাপাশি দুটি দেখতে একই রকম Chrome অ্যাপের ছবি পোস্ট করেন। উপরে থাকা অ্যাপটি ছিল ভুয়ো অ্যাপ। সেখানে প্রকাশকের নাম ছিল ‘Hizbartech'। অন্যদিকে, আসল Google Chrome অ্যাপের প্রকাশক ‘Google LLC’।
ভুয়ো অ্যাপটিতে Chrome-এর নাম, লোগো, ছবি সবকিছু নকল করা হয়েছিল। ফলে সাধারণ ইউজ়াররা সহজেই বিভ্রান্ত হতে পারতেন। অনেকেই বিজ্ঞাপন বা বেশি ডাউনলোড হয়েছে, এটা দেখে অ্যাপটিকে আসল বলে মনে করতে পারেন।
আগে ছিল ‘Ball Bounce’ গেম
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি প্রথমে Chrome হিসেবে ছিল না। ২০২৬ সালের অগস্টে প্রথম এটি ‘Ball Bounce’ নামে একটি মোবাইল গেম হিসেবে Play Store-এ আসে। পরে সেপ্টেম্বরের শেষ দিকে অ্যাপটির নাম, ছবি ও বিবরণ বদলে Chrome-এর মতো করা হয়।
তাই অ্যাপটির ১ লক্ষের বেশি ডাউনলোডের অর্থ এই নয় যে এত মানুষ ভুয়ো Chrome ইনস্টল করেছিলেন। গেম হিসেবে থাকার সময়ের ডাউনলোডও ওই সংখ্যার মধ্যে ছিল। যাঁরা ব্যবহার করেন, তাঁদের অভিযোগ অ্যাপটি ব্রাউজ়ারের বদলে একটি চ্যাট পরিষেবা খুলত।
কী ভাবে চিনবেন আসল Chrome?
আসল Chrome অ্যাপের নীচে Google LLC কি না, তা অবশ্যই দেখুন। শুধু লোগো, নাম বা ডাউনলোডের সংখ্যা দেখে বিশ্বাস করবেন না। Play Store-এ স্পনসরড বিজ্ঞাপন থাকলেও সেটি নিরাপদ হওয়ার নিশ্চয়তা নয়।
ভুল করে ইনস্টল করলে কী করবেন?
ভুয়ো অ্যাপটি ফোনে থাকলে দ্রুত আনইনস্টল করুন। এরপর Google Play Store-এর Play Protect বিভাগে গিয়ে ফোন স্ক্যান করুন। নতুন অ্যাপ ডাউনলোডের আগে প্রকাশকের নাম ও বিবরণ যাচাই করুন। সামান্য সতর্কতাই আপনাকে ভুয়ো অ্যাপের ফাঁদ থেকে বাঁচাতে পারে।
