গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ এবং সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। জানে আলম মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, বয়সজনিত নানা শারীরিক অসুস্থতা—বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও তীব্র হাঁটুর ব্যথাসহ বিভিন্ন জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন। এর পাশাপাশি পারিবারিক কারণে সক্রিয় রাজনীতিতে সময় দেওয়া তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে তিনি আরও জানান, নিজস্ব বিচার-বিবেচনা থেকে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কারও অনুশাসন বা চাপ ছাড়া রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও দলটির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে স্থায়ীভাবে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যক্তিগত প্রতিক্রিয়ায় জানে আলম মিয়া (বিরু) জানান, দলটির সঙ্গে তাঁর সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন হলো। ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবেন না। জীবনের অবশিষ্ট সময় পরিবার-পরিজনকে ঘিরে ও সৃষ্টিকর্তার ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করতে চান।
জেএইচআর
