সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত সাবেক চেয়ারম্যান কে এম মোশারফ হোসেনের পরিবার। সন্ত্রাসীদের গুলিতে নিহত টানা দুইবারের সাবেক এই চেয়ারম্যানের আদর্শ ও অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তার কন্যা ও বর্তমান চেয়ারম্যান সাফিয়া পারভীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কে এম মোশারফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন একজন জনপ্রিয় জননেতা হিসেবে। সততা ও নিষ্ঠার সঙ্গে টানা দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গা বাজারে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পুরো ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বাবার মৃত্যুর পর তার অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া এবং এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় নিয়ে রাজনীতিতে সক্রিয় হন তার স্ত্রী আকলিমা খাতুন লাকি। উপনির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনে অংশ নেন তাদের কন্যা সাফিয়া পারভীন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবার আদর্শকে ধারণ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাফিয়া পারভীন। তার এই সিদ্ধান্তকে ঘিরে প্রয়াত মোশারফ হোসেনের পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাফিয়া পারভীন বলেন, “আমার বাবা কে এম মোশারফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। বাবার মৃত্যুর পর আমার মা এবং পরবর্তী সময়ে আমি আপনাদের ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং কৃষ্ণনগর ইউনিয়নকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি আবারও প্রার্থী হচ্ছি। আশা করি, বিগত দিনের মতো কৃষ্ণনগরের সাধারণ মানুষ এবারও আমার ও আমাদের পরিবারের পাশে থাকবেন।”
এদিকে, সাফিয়া পারভীনের পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর স্থানীয় ভোটার ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে বলে জানা গেছে। কয়েকজন স্থানীয় ভোটারের ভাষ্য, মোশারফ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের প্রত্যাশা, এই পরিবারের ধারাবাহিক নেতৃত্বের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নের উন্নয়ন ও শান্তি বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
The post বাবার আদর্শ ও রাজনৈতিক ধারাবাহিকতা ধরে রাখতে ফের নির্বাচনী মাঠে সাফিয়া পারভীন appeared first on ভোরের চেতনা.
