গাজা,১২ অক্টোবর- অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে অভিযান চালিয়ে ফিলিস্তিনি নারীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে কয়েকটি এলাকায় জলপাই সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, পশ্চিম তীরের সালফিত গভর্নরেটের আজ-জাওয়াইয়া ও মারদা শহরে এসব ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, আজ-জাওয়াইয়া শহরের দক্ষিণে আল-আইন এলাকায় জলপাই সংগ্রহ করার সময় কয়েকজন ফিলিস্তিনি নারীকে আটক করেছে ইসরায়েলি সেনারা। তবে আটক নারীদের সঠিক সংখ্যা এবং তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, মারদা শহরের পূর্বাঞ্চলে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের পরিচয়পত্র পরীক্ষা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এ সময় ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের কাজে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
ফিলিস্তিনিদের জন্য জলপাই সংগ্রহ শুধু কৃষিকাজের অংশ নয়, এটি তাঁদের জীবিকা ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এই মৌসুমে পশ্চিম তীরের বহু পরিবার জলপাই সংগ্রহ এবং তা থেকে উৎপাদিত তেলের ওপর নির্ভর করে।
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরকে অনেক ফিলিস্তিনি তাঁদের অভিজ্ঞতার সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হিসেবে বর্ণনা করছেন। জলপাই সংগ্রহের মৌসুমে কৃষকদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের ওপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬
