আজকাল ওয়েবডেস্ক: অসমের ডিব্রুগড়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনখংয়ের একটি বন্ধ ঘর থেকে এক বাবা ও তাঁর দুই ছোট সন্তানের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি খুন ও আত্মহত্যার ঘটনা। মৃত ব্যক্তি হলেন ৪২ বছরের বাবলু কৈরি। তাঁর দুই সন্তান- উজ্জ্বল (৬) ও প্রিয়াংশী (৮)-র বয়সও খুব কম।
পুলিশ জানিয়েছে, বুধবার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছয়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় নিয়ম মেনে এবং ভিডিওগ্রাফি করে তা ভাঙা হয়। এর পর ভেতরে ঢুকে দেখা যায়, এক শিশুর দেহ মেঝেতে পড়ে রয়েছে। আর বাবা ও অন্য এক শিশুর দেহ ঝুলছে।
পুলিশ জানিয়েছে, প্রায় দেড় মাস আগে বাবলুর স্ত্রী চেন্নাইয়ে কাজ করতে চলে যান। তারপর থেকে বাবা নিজেই দুই সন্তানকে আগলে রেখেছিলেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
ঘর থেকে একটি ভাঙা মোবাইল, দুধের পাত্র ও কিছু বাসনপত্র উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক দলও নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
