নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, নগরীর সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে একাধিক উন্নয়ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী ২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য, মো. মিজানুর রহমান মিনু। বৃহত্তর রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে দক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মান্নান। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবদের এ অর্জন কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়; বরং বৃহত্তর রাজশাহীবাসীর জন্যও গর্বের বিষয়। দেশের সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনসেবার মানোন্নয়নে সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের বিশেষ অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের প্রতিটি স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের ভূমিকা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়নেও তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন। ভূমিমন্ত্রী আরও বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরেই মেধা, মনন ও সৃজনশীলতার উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত। শিক্ষা, সংস্কৃতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের অবদান দেশের অগ্রগতিকে সমৃদ্ধ করেছে। পদোন্নতিপ্রাপ্ত সচিবরা নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংবর্ধিত সচিবরা হলেন—রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী। অনুষ্ঠানের শেষপর্বে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
The post রাজশাহীর উন্নয়নে ছয়টি আপ-ডাউন রেললাইন ও চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ appeared first on Matrijagat.
