রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহেই পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই সড়কে কোনো হকার বা অবৈধ দোকান বসতে দেওয়া হবে না।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ দিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, যানজট তৈরি, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাতে অবৈধ হকাররা অনেকাংশে দায়ী। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে নিয়মবহির্ভূত যেকোনো দোকানের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোকের মতো কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, জমে থাকা পানিতে যেন এডিস মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতার পাশাপাশি এ সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তর প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক জানান, জনস্বার্থে সেটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই বিকল্প এসটিএস নির্মাণের কাজ শেষ হবে।
উল্লেখ্য, মালিবাগ সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুরে গিয়ে এ দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়। কর্মসূচিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
জেএইচআর
