মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারকালে একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার সকালে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর উপজেলা বাজারে মেসার্স দীপু ট্রেডার্সের সাব-ডিলার।
উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে টাঙ্গাইল থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমানের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার কেনেন। এরপর সকাল ১০টার দিকে সার নিয়ে যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সাব-ডিলার ও ক্রেতাকে আটক করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্ত সাব-ডিলার তাঁর অপরাধ স্বীকার করেন।
পরে বেলা ১১টার দিকে নিয়মবহির্ভূতভাবে অন্য জেলায় সার বিক্রি ও বেশি দাম নেওয়ায় সাব-ডিলার হাবিবুরকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
অভিযানে দৌলতপুর থানার পুলিশ এবং আনসার সদস্যরা আটক সাব-ডিলারকে উদ্ধার, সার জব্দসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় জব্দ করা ১১ বস্তা সার উপস্থিত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, সরকারের সমন্বিত সার নীতি অনুযায়ী, কোনো নিবন্ধিত ডিলার, সাব-ডিলার অথবা বিক্রেতা নির্ধারিত এলাকার বাইরে বিক্রি, স্থানান্তর বা মজুত করতে পারবেন না। কৃষকদের মধ্যে সারের সঠিক ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
