চাঁদপুর: চাঁদপুরে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল-২০২৭ উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে মাহফিল আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে মাহফিলের উদ্দেশ্য বাস্তবায়ন, বক্তা নির্বাচন এবং আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড এলাকার আল-আমিন মডেল মাদ্রাসা মিলনায়তনে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ। তিনি বলেন, তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করতে গিয়ে বিগত বছরগুলোতে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এসব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পরিবর্তে মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে যুক্তিসংগত কারণ রয়েছে।
তিনি আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়, বক্তা নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় সেই উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হয় না। কারণ, অনেক বক্তার মধ্যে বাণিজ্যিক প্রবণতা রয়েছে। মূলত কুরআন ও হাদিসের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন অটল থাকবে। মাহফিল সফল করতে তিনি আগের বছরগুলোর মতো সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। তিনি বিগত দিনের মাহফিল আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরামর্শমূলক বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম মাছুম, অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা ফজলুর রহমান এবং ফাউন্ডেশনের উপদেষ্টা এমআই মমিন খান, সিনিয়র সাংবাদিক ফরিদ উদ্দিন উকিল।
এ ছাড়া বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মো. মাসুদ আলম, হাফেজ মো. আলাউদ্দিন, হাফেজ আবদুল করিম, মাওলানা নাছির উদ্দিন, ডা. নেছার আহমেদ, সমাজসেবক মাওলানা কবির হোসাইন, অহিদুর রহমান খান উৎপল, মুহাম্মদ আলমগীর বন্দুকসী, মো. মাহবুব জমাদার, মাওলানা ওসমান গণি, মাওলানা মুজাম্মেল হক, ফিরোজ মস্তান, মো. সফিকুর রহমান সেলিম ও আবদুল্লাহ আল মামুন।
বক্তারা ফাউন্ডেশন পরিচালিত আল-আমিন মডেল মাদ্রাসার সাফল্য তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি আগামী দিনে যোগ্য আলেম ও সুনাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী। মাদ্রাসাকে কেন্দ্র করে ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করে তাঁরা ধর্মীয়ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তাফসীরুল কুরআন মাহফিলকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করতে বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. আব্দুর রহিম। হামদে বারী তা’আলা পরিবেশন করেন মাওলানা ফিরুজ মামুন। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্য, সুধীজন ও মাহফিল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সবশেষে মাহফিলের সফলতা, দেশের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা তানভীর আহমেদ।
উল্লেখ্য, আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/
