বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’-তে মারাত্মক একটি কোডিং ত্রুটি ধরা পড়েছে। এর ফলে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে ইউরোপসহ বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইট ও জরুরি অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে খুঁজে বের করা এই ত্রুটিটির নাম দেওয়া হয়েছে ‘পিএইচপি২শেল’। এটি প্রায় ১০ বছর ধরে পিএইচপির ভেতরে লুকিয়ে ছিল। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা যেকোনো ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে থাকা মানুষের গোপন তথ্য ও পাসওয়ার্ড চুরি করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছেন।
খবরটি ছড়িয়ে পড়ার পর পিএইচপি কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধানের জন্য নতুন আপডেট প্রকাশ করেছে এবং সব ওয়েবসাইট মালিককে তা অবিলম্বে ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ওয়ার্ডপ্রেস, জুমলা ও মেজেন্টো দিয়ে তৈরি সব ওয়েবসাইটই এই ঝুঁকির মধ্যে রয়েছে।
হামলা এড়াতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের সরকার তাদের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ অনলাইন সেবা আপাতত বন্ধ রেখেছে। জনপ্রিয় তথ্যকোষ উইকিপিডিয়া ও ইন্টারনেট আর্কাইভও কিছু সময়ের জন্য সেবা বন্ধ রেখে তাদের নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া এশিয়ায় দক্ষিণ কোরিয়া সরকার দেশে বিশেষ সাইবার সতর্কতা জারি করেছে।
সূত্র: আল-জাজিরা