চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। স্বর্ণগুলো সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মুন্সিপুর বিওপির হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৫০০ গজ দূরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দবির উদ্দিনকে ছয়টি স্বর্ণের বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচারসহ চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।
আফজালুল হক/এমএন
