Published on
:
1 min read
যাঁর অভিনয়ে মুগ্ধ গোটা দুনিয়া। সেই ইরফান খানের অভিনয় দক্ষতার প্রতি মুগ্ধ ছিলেন গুলশন দেবাইয়া। তাঁর মৃত্যুর খবর শুনে একটা সময়ে ভেঙে পড়েছিলেন তিনি। ফোনে মায়ের সঙ্গে কথা বলতে কেঁদে ফেলেছিলেন গুলশন। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করলেন গুলশন।
তাঁর কথায়, ‘ইরফান সত্যিই এমন একজন অভিনেতা ছিলেন যাঁর কোনও তুলনা নেই। লক্ষ লক্ষ মানুষের কাছেও ওর মৃত্যু ছিল পরিবারের কাউকে হারানোর মতো। আমায় কাঁদতে দেখে মা বলেছিলেন, ‘আমি জানতাম না, তুমি ওঁকে এতটা পছন্দ করতে।’ আসলে আমি নিজেও তো জানতাম না, এতটা ভালোবাসি ইরফানকে।’
গুলশনের জীবনে ইরফান ছিলেন সবচেয়ে কাছের মানুষ। কারণ, তাঁর অভিনয়ের ভীষণ ভাবে প্রভাব রয়েছে অভিনেতার জীবনে। গুলশন কখনও কোনও শিক্ষাকেন্দ্রে অভিনয়ের প্রশিক্ষণ নেননি। বরং, পছন্দের অভিনেতাদের কাজ দেখেই অভিনয়ের খুঁটিনাটি শিখেছেন।
গুলশন বলেন, ‘আমি তাঁকে মনেপ্রাণে পছন্দ করতাম। কিন্তু কখনও ওঁকে নকল করে অভিনয়ের চেষ্টা করিনি। তবে আমার গোটা অভিনয়জীবন জুড়েই ইরফানের প্রভাব রয়েছে। অভিনয়ের স্কুলে পড়িনি বলেই ভালো অভিনেতাদের কাজ দেখে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি।’
ইরফানের চাহনি, সংলাপ বলার ধরন আর এক মুহূর্তে নীরব হয়ে থাকার মধ্যেও লুকিয়ে থাকত অভিনয়ের জাদু। একটা সিনে পরমুহূর্তে কী করতে পারেন ইরফান, তা বোঝা যেত না বলে মনে করেন অভিনেতা। দর্শকের মনযোগ টানতে তাঁর কিছু মুহূর্তই যথেষ্ট ছিল।
