বলিউড অভিনেতা সাইফ আলী খান এবার যোগ দিলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। দীর্ঘদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা এই অভিনেতার নতুন যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সাইফের ইনস্টাগ্রামে আসার ঘটনায় সবচেয়ে বেশি অবাক হয়েছেন তাঁর বড় ছেলে ইব্রাহিম আলী খান। বাবার অ্যাকাউন্ট দেখে তাঁর প্রশ্ন, ‘আব্বা, আপনি?’
সাইফ আলী খান ইনস্টাগ্রামে নিজের উপস্থিতি জানান দেন পাতৌদি প্যালেসের ঐতিহ্যবাহী লাইব্রেরিতে তোলা কয়েকটি নান্দনিক ছবি দিয়ে। তাঁর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। তবে অনুরাগীদের নজর কাড়ে বাবা ও ছেলের মজার কথোপকথন।
বাবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ইব্রাহিম। তাই মন্তব্যের ঘরে রসিকতা করে তিনি লেখেন, ‘আব্বা, এটা কি সত্যিই আপনি, নাকি অন্য কেউ?’
ছেলের এমন প্রশ্নের জবাব দিতেও দেরি করেননি সাইফ। পাল্টা মজার ছলে ২০০৮ সালের মে মাসে তোলা ইব্রাহিমের শৈশবের একটি ছবি পোস্ট করেন তিনি। এরপর ছবিতে থাকা ছোট্ট ছেলেটি ইব্রাহিম কি না, তা জানতে চান অভিনেতা। বাবার এমন রসিকতায় তাল মিলিয়ে ইব্রাহিমও উত্তর দেন, ‘মনে তো হয় সেটাই!’
সামাজিক মাধ্যমে বাবা-ছেলের এই মিষ্টি ও হাসিখুশি নোখ-জোখ নেটিজেনদের মধ্যে রীতিমতো হাসির খোরাক জোগাচ্ছে এবং ভক্তরা এটি উপভোগ করছেন।
বর্তমানে বিনোদন জগতের আলোচনায় নতুন মুখ হিসেবে বেশ আলোচনায় আছেন ইব্রাহিম আলী খান। সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ঘরের প্রথম সন্তান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
