গাড়িটির সামনের গ্রিল, পাশের নকশা ও পেছনের প্রতীকে ৭৫ বছর পূর্তির বিশেষ চিহ্ন রয়েছে। দরজা খোলার পর মেঝেতে আলো ফেলে ‘প্যাট্রোল সিন্স ১৯৫১’ লেখা দেখা যাবে।
জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) মডেল প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ এনেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। সীমিত সংখ্যায় তৈরি গাড়িটি বিক্রি হবে শুধু উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর বাজারে। প্রথম ধাপে গাড়িটির ১ হাজার ৯৫১টি ইউনিট তৈরি করা হবে। ১৯৫১ সালে প্যাট্রোল ব্র্যান্ডের যাত্রা শুরুর বছরকে স্মরণ করতেই এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার বিশেষ সংস্করণের গাড়িটি উন্মোচন করেছে নিসানের পরিবেশক এডব্লিউআর অটোমোটিভ। সংযুক্ত আরব আমিরাতে এর দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯০০ দিরহাম বা প্রায় ১ লাখ ১৯ হাজার ৭৮০ ডলার। এ দামের মধ্যে মূল্য সংযোজন করও (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে।
প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি গাড়িটির বাহ্যিক ও অভ্যন্তরীণ নকশায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে প্যাট্রোলের সর্বোচ্চ সুবিধাসম্পন্ন প্লাটিনাম ভি৬ টুইন টার্বো সংস্করণ।
গাড়িটির বাইরের নকশায় দেখা যায় তামা ও সোনালি রঙের বিশেষ সংমিশ্রণ। নিসানের ভাষ্য অনুযায়ী, রঙের অনুপ্রেরণা এসেছে মরুভূমির প্রাকৃতিক দৃশ্য থেকে। এছাড়া গাড়ির সামনের গ্রিল, ফগ ল্যাম্পের চারপাশ, পাশের বায়ু চলাচলের অংশ, বডির মাঝ বরাবর নকশা ও বিভিন্ন প্রতীকে এ রঙের ব্যবহার রয়েছে। এর সঙ্গে রাখা হয়েছে গাঢ় ক্রোমের ফিনিশিং ও কালো অ্যালয় চাকা।
গাড়িটির সামনের গ্রিল, পাশের নকশা ও পেছনের প্রতীকে ৭৫ বছর পূর্তির বিশেষ চিহ্ন রয়েছে। দরজা খোলার পর মেঝেতে আলো ফেলে ‘প্যাট্রোল সিন্স ১৯৫১’ লেখা দেখা যাবে।
সংযুক্ত আরব আমিরাতে গাড়িটি চারটি রঙে পাওয়া যাবে। এগুলো হলো ধূসর, সাদা, কালো ও কালো ছাদের সঙ্গে সাদা।
গাড়ির ভেতরেও বিশেষ সংস্করণের পরিচয় তুলে ধরা হয়েছে। স্টিয়ারিং হুইলে তামা-সোনালি রঙের অলংকরণ, পরিবেশ উপযোগী আলো ও গাঢ় ক্রোমের ফিনিশিং রয়েছে। যাত্রীর পাশের ড্যাশবোর্ড, আসনের মাথার অংশ, মেঝে ও মালপত্র রাখার জায়গার ম্যাটে বিশেষ নকশা ব্যবহার করা হয়েছে। এছাড়া দরজার নিচে যুক্ত করা হয়েছে আলোযুক্ত বিশেষ প্লেট ও গাঢ় লাল চামড়ার চাবির কভারও।
নিসান ও ইনফিনিটির মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ভারত ও সিআইএস অঞ্চলের বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট থিয়েরি সাবাগ বলেন, ‘প্যাট্রোলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য এমন একটি বিশেষ গাড়ি তৈরি করতে চেয়েছে নিসান, যা প্রতিষ্ঠান ও ক্রেতাদের দীর্ঘদিনের সম্পর্কের স্মারক হয়ে থাকবে।
—খবর দ্য ন্যাশনাল ও ছবি নিসান
