টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদরাসা শিক্ষকের জামিন চেয়ে রোববার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।এর আগে ১৯ অক্টোবর টঙ্গীর মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
More News Of This Category

