বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তার পরে ধেয়ে আসতে পারে স্থলভাগের দিকে। তার প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে সতর্কতা।
শুক্রবার দুপুরে বিশেষ বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে শুক্রবার সকালে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সেই সঙ্গে ওই এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। সমুদ্র থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে রয়েছে সেই ঘূর্ণাবর্ত। শনিবার নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে তা বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। রবিবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে এবং সোমবার (২৬ অক্টোবর) পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দু’দিনে সেই ঘূর্ণিঝড় ক্রমে আরও শক্তি বৃদ্ধি করবে। সাগরের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমমুখী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে এগিয়ে যাবে। সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে তার নাম হতে পারে ‘অর্ণব’ (উত্তর ভারত মহাসাগরে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম এমনটাই নির্ধারিত)। নামটি বাংলাদেশ দিয়েছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে উত্তাল থাকতে পারে সমুদ্র। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই তিন জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা। ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত তাঁরা সমুদ্রে যেতে পারবেন না।
উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার সেখানকার আট জেলায় হতে পারে হালকা বৃষ্টি। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়। ওই দিন এই ছয় জেলাতেই রয়েছে সতর্কতা।
