কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় বিজয়া দশমীর দিনে এক কিশোরীর সিঁথিতে সিঁদুর পরানোর চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুবর্ণা মালী (৪০), মলিনা রানী মালী (৫৫), গোবিন্দ মালী (৪৫), জয়চন্দ্র মালী (২৫) ও চিচোরুন মালী (৪৬)। তাঁদের কালাই ও জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিচোরুন মালীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের দোলন চন্দ্র মালী (২০) একই গ্রামের কিশোরী পল্লবীর (১৫) সিঁথিতে জোরপূর্বক সিঁদুর পরানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
দোলনের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁদের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে। অন্যদিকে পল্লবীর বাবা শত্রুঘোন মালী অভিযোগ করেন, সালিশ চলাকালে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। আহতরা কিছুটা সুস্থ হলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম শুক্রবার জানান, তাঁরা ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

