রকস্টারের প্রকাশ করা নতুন ট্রেলারে ফের নিশ্চিত করা হয়েছে জিটিএ সিক্সের মুক্তির তারিখ। আগামী ১৯ নভেম্বর গেমটি বাজারে আসার কথা। ২০২৫ সালের শরৎকাল থেকে মুক্তির সময় পিছিয়ে ২০২৬ সালের মে মাস নির্ধারণ করা হয়েছিল। পরে দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হয়।
ভিডিও গেমের বাজারে বহুল প্রতীক্ষিত নামগুলোর একটি ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা জিটিএ সিক্স। সম্প্রতি গেমটির নতুন ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এতে গেমের কাহিনী, প্রধান চরিত্র ও বিভিন্ন মিশন সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর বাজারে আসবে গেমটি। এর আগে দুই দফায় মুক্তির তারিখ পিছিয়েছে প্রতিষ্ঠানটি।
জিটিএ সিরিজের ষষ্ঠ সংস্করণটি ঘিরে আগ্রহের বড় কারণ এর আগের গেমগুলোর সাফল্য। ২০১৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ এখন পর্যন্ত প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। এটি বিশ্বের সর্বাধিক বিক্রীত ভিডিও গেমগুলোর একটি। গেমটি থেকে বিলিয়ন ডলারের বেশি আয় করেছে রকস্টার। ফলে নতুন সংস্করণটি আগের সাফল্য কতটা ছাড়িয়ে যেতে পারে, তা নিয়ে গেমারদের পাশাপাশি বিশ্লেষকদেরও আগ্রহ রয়েছে।
আলোচনায় এসেছে গেমটি তৈরির ব্যয়ও। বিশ্লেষকদের ধারণা, জিটিএ সিক্স তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে। এ পরিমাণ ব্যয় হলে এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম হয়ে উঠতে পারে। তবে ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ করেনি রকস্টার।
» মুক্তির তারিখ ও দাম
রকস্টারের প্রকাশ করা নতুন ট্রেলারে ফের নিশ্চিত করা হয়েছে জিটিএ সিক্সের মুক্তির তারিখ। আগামী ১৯ নভেম্বর গেমটি বাজারে আসার কথা। ২০২৫ সালের শরৎকাল থেকে মুক্তির সময় পিছিয়ে ২০২৬ সালের মে মাস নির্ধারণ করা হয়েছিল। পরে দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হয়।
দ্বিতীয় দফায় মুক্তির তারিখ পেছানোর সময় রকস্টার জানিয়েছিল, গেমটি শেষ করতে আরো কয়েক মাস প্রয়োজন।
এরই মধ্যে গেমটি আগাম কেনার সুযোগও চালু হয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গত ২৫ জুন মধ্যরাত থেকে প্রি-অর্ডার শুরু হয়। রকস্টারের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে গেমটির সাধারণ সংস্করণের দাম ৬৯ পাউন্ড ৯৯ সেন্ট। যুক্তরাষ্ট্রে দাম রাখা হয়েছে ৭৯ ডলার ৯৯ সেন্ট (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা)। অতিরিক্ত গাড়ি ও সরঞ্জামসহ আলটিমেট সংস্করণের দাম যথাক্রমে ৮৯ পাউন্ড ৯৯ সেন্ট ও ৯৯ পাউন্ড ৯৯ সেন্ট।
» কোন প্লাটফর্মে খেলা যাবে
প্রাথমিকভাবে প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলের জন্য গেমটি প্রকাশ করা হবে। তবে কম্পিউটারে খেলার উপযোগী সংস্করণ কবে আসবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি রকস্টার। এছাড়া নিনতেন্দো সুইচ টু কনসোলে গেমটি পাওয়া যাবে কিনা, সেটিও অনিশ্চিত।
গেমটির প্যাকেটজাত সংস্করণেও পরিবর্তন থাকছে। এতে ডিস্কের পরিবর্তে ডিজিটাল সংস্করণ ডাউনলোড করার কোড থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
» দীর্ঘদিনের আলোচনা ও অপেক্ষা
জিটিএ সিক্স তৈরির কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সিরিজটির আগের সংস্করণ মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো জিটিএ সিরিজের ষষ্ঠ গেম তৈরির বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। ওই বছর হ্যাকারদের লক্ষ্যবস্তু হওয়ার পর গেমটির কিছু ভিডিও ও ছবি ফাঁস হয়।
» কেন এত আগ্রহ
জিটিএ শুধু একটি ভিডিও গেম সিরিজ নয়, বিনোদন শিল্পের অন্যতম বড় বাণিজ্যিক পণ্য। ওপেন ওয়ার্ল্ড বা উন্মুক্ত জগতের বৈশিষ্ট্যের কারণে নির্দিষ্ট মিশনের বাইরে গিয়েও বিশাল পরিবেশ ঘুরে দেখা যায়। নিজের মতো করে বিভিন্ন কাজ করার সুযোগও থাকে। এ স্বাধীনতা সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ।
বিবিসি অবলম্বনে
