জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নতুন নিবন্ধন ও সংশোধনের আবেদন যাচাই সহজ করতে শিক্ষা খাতের তথ্যভান্ডারের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সঙ্গে বৈঠকে বসছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
আগামী রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য-উপাত্ত আদান-প্রদানের বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ. সরওয়ার হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে এনআইডির নতুন নিবন্ধন ও সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র ম্যানুয়ালি যাচাই করতে হয়। এতে আবেদন নিষ্পত্তিতে সময় বেশি লাগে। পাশাপাশি জাল কাগজপত্র, ভুয়া শিক্ষাসনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে আবেদনের ঝুঁকিও থাকে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে এনআইডি ব্যবস্থার আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে আবেদনকারীর দেওয়া তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
এই উদ্যোগের আওতায় পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে এনআইডি ব্যবস্থার সংযোগ স্থাপনের বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় এবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
