বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা।
প্রথম দিনে বেশ বিপাকেই পড়েছে ক্যারিবীয়ানরা। মূল দলের ক্রিকেটারদের নিয়েও প্রথম দিনের অলআউট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উল্টো দিনশেষে রানের পাহাড় দাঁড় করিয়ে ফেলেছে বিসিবি একাদশ। সেঞ্চুরি করেছেন কালাম সিদ্দিকি অ্যালিন। হাফসেঞ্চুরি এসেছে জিসান আর রিজওয়ানের ব্যাট থেকে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ২ দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ আর ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনশেষে ৯০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে বিসিবি একাদশ।
টস হেরে ব্যাটিংয়ে শুরতেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (৮ বলে ৪)। তবে সেই ধাক্কা বড় হতে দেননি আরেক ওপেনার জিসান আলম আর তিন নম্বরে নামা ইফতিখার হোসেন ইফতি। দুজন ৭৫ রানের জুটি গড়েন। ৬০ বল খেলে ৮০ রানে ইফতি ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর কালাম সিদ্দিকী অ্যালিনকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন জিসান। তুলে নেন ব্যাক্তিগত হাফসেঞ্চুরি। সেঞ্চুরির অনেকটা কাছেও পৌছে গিয়েছিলেন তিনি। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার আগেই ফেরেন জিসান। ১০০ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি।
জিসান না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যালিন। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তরুণ এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৩৫ রানে থেমেছেন তিনি। অ্যালিনের ১৮৪ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার আর এক ছক্কায়। মাঝে ৪৮ বলে ৩০ রান করে বিদায় নেন অধিনায়ক জাকের আলী অনিক।
অ্যালিন ফেরার পর নতুন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে জুটি বাঁধেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এই জুটি থেকেও আসে অর্ধশত রান। ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তবে এরপর আর বেশিদূর যেতে পারেননি তিনি। ফিরেছেন ১০৬ বলে ৫৯ রান করে।
এরপর দ্রুতই বিদায় নেন অলরাউন্ডার এসএম মেহরব (২ বলে ০)। তবে শেষ বিকেলে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখেছেন শামীম হোসেন। ৩০ বল থেকে ৩৫ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী আব্দুল হালিম এক বল খেলে কোনো রানের দেখা পাননি।
