জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪২টি অবৈধ রিং জাল (চায়না দুয়ারি) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন, সাধুরপাড়া, দশানী নদী ও জব্বারগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পানিতে পেতে রাখা নিষিদ্ধ জালগুলো উদ্ধার করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, রিং জাল বা চায়না দুয়ারি এবং কারেন্ট জালে মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
