শারদীয় দুর্গোৎসব-২০২৬ আনন্দমুখর পরিবেশে উদযাপনে সহায়তার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৭টি অস্বচ্ছল পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে প্রতিটি পূজামণ্ডপকে ৫ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ এবং ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ২৭টি অস্বচ্ছল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সহযোগিতা করা এবং আর্থিকভাবে অসচ্ছল পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ সহায়তার মাধ্যমে পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় কিছুটা হলেও আর্থিক সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post ভালুকায় ২৭টি অস্বচ্ছল পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ appeared first on ভোরের চেতনা.
