মানিকগঞ্জের সিংগাইরে সবুজ মোল্লা (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে মোসলেমাবাদ গ্রামের একটি কড়ইগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার মোসলেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত সবুজ ওই গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক সন্তানের জনক।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয় লোকজন আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে তাঁর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সবুজের বাবা শিকিম মোল্লা জানান, এক ব্যক্তির সঙ্গে তাঁর ছেলের আর্থিক লেনদেন ছিল। ওই ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে তাঁকে বলতেন, “ওরা আমাকে মেরে ফেলবে।” তবে কাদের উদ্দেশে ছেলে এমন কথা বলতেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বুধবার ছেলের মৃত্যুর খবর পান তিনি।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ দাবির সত্যতা কিংবা তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিআলো/শিলি