কলারোয়ায় ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
Oplus_16908288
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া মোড় এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবির ভাষ্য, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বিজিবি জানায়, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
