সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে চারটি হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রিয়াদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।
হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার পর সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবিও করেছে গোষ্ঠীটি।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে, যা হবে ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’।
তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এমএ
