বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রিসভার অনুমোদন পেলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় স্থানান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।
জাকারিয়া তাহের সুমন বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সে অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ দ্রুত নেয়া হবে।
বর্তমান সচিবালয়ে গাড়ি পার্কিং ও স্থানসঙ্কটের কারণে প্রায়ই জটিলতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক মন্ত্রণালয়ের দফতর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এছাড়া সচিবালয়ের বেশির ভাগ ভবন ১৯৬০-এর দশকে তৈরি হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।
ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তাঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব ভবনের মেরামত এবং স্থায়ী বিকল্প খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে বলে জানান মন্ত্রী।
গণপূর্তমন্ত্রী বলেন, সব দিক বিবেচনা করে বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক ও মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইউএনবি
