শিষ্যার শ্লীলতাহানির অভিযোগ স্বঘোষিত গুরুর বিরুদ্ধে। অভিযোগ, তা নিয়ে মারমারিতে খুন হলেন একজন! হুগলির কানাইপুর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট লাগোয়া কলোনি এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গোপালকৃষ্ণ গোস্বামী নামে স্বঘোষিত এক গুরু সোমবার কোন্নগরের কানাইপুরে এসেছিলেন। উত্তর ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তাঁর বাড়ি। গোপালকৃষ্ণের বেশ কয়েক জন শিষ্য-শিষ্যা থাকেন কানাইপুর এলাকায়। সোমবার রাতে তেমনই এক শিষ্যার বাড়িতে গিয়েছিলেন ‘গুরুদেব’। অন্য শিষ্যরাও ছিলেন।
অভিযোগ অনুযায়ী, এক শিষ্যের স্ত্রীর সঙ্গে ‘গুরুদেব’ খারাপ ব্যবহার করেন। ওই মহিলা অভিযোগ করেন, ‘গুরুদেব’ তাঁর শরীরে খারাপ ভাবে স্পর্শ করেছেন। ওই নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। গুরুর পক্ষ নেয় এক দল। অন্যেরা মহিলার পক্ষে। শুরু হয় বচসা। কিছু ক্ষণের মধ্যে তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগকারিণী দাবি করেন, এর আগেও ‘গুরুদেব’ এমন আচরণ করেছেন। অন্য মহিলাদের কাছেও একই অভিযোগ শুনেছেন তিনি।
জানা গিয়েছে, বচসার সময় উৎপল সমাদ্দার নামে গোপালকৃষ্ণের এক শিষ্যের মাথায় ইট দিয়ে আঘাত করেন জনৈক গণেশ হালদার। গুরুতর জখম অবস্থায় বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিছু ক্ষণের মধ্যে ওই গন্ডগোলের খবর চাউর হয়ে যায় এলাকায়। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ এবং উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক করা হয় যৌন হেনস্থায় অভিযুক্ত স্বঘোষিত গুরুকেও। ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ‘গুরুদেবের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, জানা যায়নি।
