প্রকাশিত: ১৮:০৩, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:১৬, ১৫ অক্টোবর ২০২৬
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রায় ঘোষণার পর আকিদুল শেখকে কারাগারে নেওয়া হয়
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ)-এর বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আকিদুল শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নেওয়া হয়।
মামলার নথি ও এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে ওই শিশু শিক্ষার্থী (৮) স্কুলে পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় আকিদুল শেখ তাকে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে বাঁশবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষণের পর শিশুটি গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় কোনোমতে বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক এবং চিকিৎসকদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর দিন অর্থাৎ ২০২১ সালের ২১ জুন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় আকিদুল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী ভুইয়া জানান, ধর্ষণের অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
