প্রকাশিত: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টর্চলাইটের আলোয় মঙ্গলবার রাতে সরাইলের বড্ডাপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দু`পক্ষের লোকজন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারও।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাতে টর্চলাইটের আলোয় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
