হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের কারখানার উদ্বোধনে শিশির অধিকারীছবি: ANI
Published on
:
1 min read
এই সময়, হলদিয়া: ‘ওঁকে আটকানো কঠিন’— বুধবার হলদিয়ায় অ্যাডপার্মা-র ফেনল-অ্যাসিটোন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বসে থাকা কাঁথি-র প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে উদ্দেশ করে এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এ দিন হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী সংস্থার কারখানার উদ্বোধনে রাজ্য সরকারের প্রায় অর্ধেক মন্ত্রিসভা হাজির থাকলেও ব্যতিক্রমী ছিল শিশিরের উপস্থিতি।
২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের এই নবতিপর প্রাক্তন সাংসদের উপস্থিতি নিয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর বাইরে আমার আর একটি পরিচয় রয়েছে, আমি ওঁর পুত্র। ৯০ বছরের বেশি বয়সে এতটা দূরে এই অনুষ্ঠানে আসতে আমি ওঁকে বারণ করতে পারতাম। কিন্তু, জানতাম উনি শুনবেন না। রাজ্যের, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের উন্নয়নমূলক কাজে তিনি আগেও সামিল থেকেছেন, এখনও তার ব্যতিক্রম হবে না। এ ধরনের উন্নয়নের কাজে উনি যোগ দিতে ভালোবাসেন।’
অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়ার আগে শিশিরকে দেখিয়ে দেহরক্ষীদের কিছু বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।