জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন ওপেনিং ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখ। শনিবার চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই দুজনই তুলে নিয়েছেন আসরে নিজেদের তৃতীয় শতক।
বর্তমান রাউন্ড শুরুর আগে ছয় ইনিংসে দুটি শতক ও দুটি অর্ধশতক ছিল ময়মনসিংহ বিভাগের মাহফিজুলের। মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিসিবি একাদশের হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অবশ্য ৪ রানের বেশি করতে পারেননি তিনি।
তবে এনসিএলে ফিরেই আবার চেনা রূপে দেখা গেছে এই ডানহাতি ব্যাটারকে। বগুড়ায় চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ২২৯ বলে ১৫৬ রান করে অপরাজিত আছেন তিনি, যা তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে সেরা ইনিংস ও চতুর্থ শতক। টসে হেরে ব্যাট করতে নেমে মুনিম শাহরিয়ারের ৫৬ রানের ওপর ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৯ রান তুলেছে ময়মনসিংহ।
চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
এদিকে রাজশাহীতে স্বাগতিকদের বিরুদ্ধে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বল হাতে তাণ্ডব চালিয়েছেন ঢাকা বিভাগের নাঈম। ২৪২ বলে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কার মার। এটি তার প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তম শতক।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ঢাকা। সেখান থেকে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ইনিংস সামাল দেন নাঈম। দুজনের অবিচ্ছিন্ন ২০৫ রানের জুটিতে শক্ত ভিত পায় ঢাকা। ১৭৫ বলে ৮৪ রান করে অপরাজিত আছেন অঙ্কন।
রাজশাহীর হয়ে পেসার আসাদুজ্জামান পায়েল দুটি উইকেট নেন।
সিলেটে অন্য ম্যাচে বরিশাল বিভাগের বিরুদ্ধে টসে জিতে ৫ উইকেটে ৩২০ রান তুলে প্রথম দিন শেষ করেছে রংপুর বিভাগ। ১২৫ বলে ৭৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মিম মোসাদ্দেক। ১০৮ বলে ৬১ রানে অপরাজিত আছেন আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া অনিক সরকার শাতু ৪১ রান করেন এবং অধিনায়ক আলাউদ্দিন বাবু ৪৬ রানে অপরাজিত থাকেন।
বৃষ্টির কারণে সিলেট বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার চতুর্থ ম্যাচটির টসই হয়নি।
