ভারতের নির্বাচনব্যবস্থায় অনিয়ম ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছেন সুপ্রিম কোর্টের কর্মকর্তারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোট ইন্ডিয়ার নেতাদের করা এই আবেদনে আদালত ফি বাবদ ২২০ রুপি কম জমা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও কয়েকটি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়জন আবেদনকারীর অনুমোদনপত্র না থাকা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি।
বিজ্ঞাপন
আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার আগে ত্রুটিগুলো সংশোধন করতে হবে আবেদনকারীদের।
আবেদনে কী কী ত্রুটি পাওয়া গেছে
ভারতীয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বা নিবন্ধন শাখার পর্যবেক্ষণে বলা হয়েছে, আবেদনের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় আইনগত অনুমোদনপত্র জমা দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের স্পষ্ট কপিও চাওয়া হয়েছে। এ ছাড়া দুটি নথির রঙিন কপি জমা না দেওয়া এবং লেখার আকার খুব ছোট হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
কিছু পৃষ্ঠার লেখা অস্পষ্ট বা পড়ার অনুপযোগী। কোথাও পৃষ্ঠা অনুপস্থিত, কোথাও আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা নিয়ে সমস্যা রয়েছে। কয়েকটি পৃষ্ঠার নম্বরেও অসংগতি পাওয়া গেছে।
এসব ত্রুটি সংশোধন করার পরই আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপনের প্রক্রিয়া এগোতে পারবে।
আবেদনে রয়েছেন যেসব বিরোধী নেতা
রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে ছাড়াও আবেদনে স্বাক্ষর করেছেন বিরোধী জোটের একাধিক নেতা।
তাদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, এম এ বেবি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা ই টি মোহাম্মদ বশির।
আবেদনে ভারতের নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশিকে বিবাদী করা হয়েছে।
আবেদনে কী দাবি করেছেন বিরোধীরা
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং অন্যান্য সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনে ১০ ধরনের প্রতিকার চেয়েছেন বিরোধী নেতারা।
এর মধ্যে রয়েছে এসআইআর-সংক্রান্ত সব নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ, এই প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা পরীক্ষা এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
এ ছাড়া আবেদনকারীদের অভিযোগের প্রতিকার এবং একটি স্বাধীন কমিটির মাধ্যমে নিরীক্ষার দাবিও জানানো হয়েছে।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এর মাধ্যমে ভোট চুরির সুযোগ তৈরি হতে পারে।
সুপ্রিম কোর্টে যেতে মিছিল বিরোধীদের
সোমবার (১২ অক্টোবর) দিল্লির কেন্দ্রস্থলে জড়ো হন বিরোধী জোট ইন্ডিয়ার নেতাকর্মী ও সমর্থকেরা। পরে তারা সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন।
এর আগে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন বিরোধী নেতারা। তারা একটি স্মারকলিপি দিয়ে ভোট চুরি বন্ধ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, এসআইআর স্থগিত এবং কাগজের ব্যালটে ভোট ফিরিয়ে আনার দাবি জানাতে চেয়েছিলেন।
তবে বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি সাক্ষাতের অনুরোধ গ্রহণ করেননি। এরপর বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
সূত্র: এনডিটিভি
কেএএ/
