চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই কারওয়ান বাজার সর্বাধিক চাঁদাবাজের শিকার হয়। তাই এ এলাকা থেকেই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এই লিফলেট বিতরণ কর্মসূচি। সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজ সিন্ডিকেটগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সারা দেশে এই গণবিক্ষোভ কর্মসূচি পরিচালিত হবে। নাসির ও আসিফের নেতৃত্বে ঢাকায় এই জনসংযোগ কর্মসূচি চলবে।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকদের ওপর প্রকাশ্যে আক্রমণ করতে বলা হচ্ছে। সরকারের সমালোচনা করায় মোট ২২ জন গ্রেফতার হয়েছেন। ডিএসএ আইনকে সাইবার নিরাপত্তা আইন নামে ব্যবহার করে দমনপীড়ন করা হচ্ছে।
সরকারের কোনো পরিকল্পনা নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বাজেট অধিবেশনে বিএনপি সরকার দাবি করেছিল যে, কোনো কিছুর দাম বাড়বে না। অথচ, অকটেন, ডিজেলের দাম ৩ দফা বৃদ্ধি করা হয়েছে।
