কালবেলা · সাধারণ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের
২৪/১০/২০২৬

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর প্রথমে ছেলের এবং প্রায় পাঁচ ঘণ্টা পর বাবার মৃত্যু হয়।
নিহতরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল-সংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি গাড়ি বাবা-ছেলেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, বাবা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗