আজকাল ওয়েবডেস্ক: ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। বিরোধী দলগুলি এই প্রক্রিয়ার সময় তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তার মাঝেই এবার বড় পদক্ষেপ কমিশনের। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকাভুক্তির সংখ্যা বাড়াতে এবার বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (Special Summary Revision) চালানো হবে। বর্তমানের এই সংক্ষিপ্ত পুনর্বিবেচনা কর্মসূচিতে মূলত নতুন নাম অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়েছে, তথ্য তেমনটাই।
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার একটি ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ (Special Summary Revision বা SSR) কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়েছে। মূল লক্ষ্য, এসআইআর প্রক্রিয়ার সময় যেসব ভোটার বাদ পড়েছিলেন তালিকা থেকে, তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং নতুন ভোটারদের যুক্ত করা।
কোন কোন রাজ্যে এই সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে। রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার ও তামিলনাড়ু। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার নির্ণায়ক তারিখ (qualifying date) হিসেবে নির্ধারণ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি, ২০২৭-এ। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, বিরোধী রাজনৈতিক দলগুলির এসআইআর প্রক্রিয়ার বিরোধিতার অন্যতম একটি কারণ হল, এসআইআর চলাকালীন ‘ফর্ম ৬’-এর সঙ্গে আবেদনকারীদের একটি অতিরিক্ত ঘোষণাপত্র জমা দিতে বলা হয়েছিল। এই ঘোষণাপত্রটি ঘিরেই বিতর্ক। অভিযোগ, এতে আবেদনকারীদের তাঁদের বাবা-মায়ের তথ্য প্রায় ২০ বছর আগে হওয়া এসআইআর-এর তালিকার সঙ্গে মিলিয়ে দেখাতে বলা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলগুলি, মূলত ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের শরিক দলসমূহ এবং সিজেপি এসআইআর-এর বিরোধিতা, ভোটচুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে পথে নেমেছে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
