কালবেলা · সাধারণ
নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ
১২/১০/২০২৬

ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানানোর পাশাপাশি তাদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও কলেজের ছাত্রাবাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের শ্রদ্ধাভাজন তিন সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার।
প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণির সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, সম্মানিত উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম ও আশরাফ উদ্দিন মোল্লা, প্রাইমারি কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম তালুকদার, প্রফেসর জহুরুল হক, নজরুল ইসলাম হাওলাদার ও ফরিদ শিকদার। এ ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তারা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, তাদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া এবং ছাত্রাবাস উদ্বোধনের মধ্য দিয়ে পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
মূল প্রতিবেদনে যান ↗