জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারত-বাংলাদেশ মধ্যবর্তী একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় সীমান্তবর্তী মাখনেরচর বড়দও নামে একটি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেলে জামালপুর ৩৫ বিজিবি’র আওতাধীন বাঘারচর বিওপির ১০৭৪/৪ এস মেইন পিলারের সংলগ্ন মাখনেরচর এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ মধ্যবর্তী বড়দও বিলে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিজিবি ও পুলিশকে খবর দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি’র বাঘারচর বিওপির টহল দলের উপস্থিতিতে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিল থেকে মরদেহটি উদ্ধার করেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মরদেহটির সুরতহাল শেষে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
