ইস্তাম্বুলে আলোচনা শেষে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইসরায়েলের নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের অনুভূতিকে আরও গভীর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 24 Oct 2026, 09:24 AM
Updated : 24 Oct 2026, 09:24 AM
মক্কা জোটের তিন সদস্য দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এবং মিশর ইসরায়েলি দখলদারিত্বকে ‘পশ্চিম এশিয়া ও এর বাইরে অস্থিরতার প্রধান উৎস’ হিসেবে বর্ণনা করেছে।
তারা ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের সমাধান হিসেবে জরুরিভিত্তিতে একটি দ্বি-রাষ্ট্রীক সমাধান বাস্তবায়ন এবং ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে।
আরব নিউজ জানিয়েছে, ইস্তাম্বুলে আলোচনা শেষে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইসরায়েলের নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের অনুভূতিকে আরও গভীর করেছে। তারা ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ দেশের আহ্বান পুনব্র্যক্ত করেছে।
তারা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করার, বসতি স্থাপনকারীদের হামলা অবিলম্বে অবসান ঘটানোর এবং গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি ওই অঞ্চলে পুনর্নির্মাণ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।
