বিয়ের পরে প্রথম পুজো তনুশ্রীরছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বিয়ের পরে প্রথম দুর্গাপুজো। তাই এ বারের পুজোটা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর কাছে নিঃসন্দেহে অন্য রকম। কলকাতার চেনা পুজোর আবহ ছেড়ে এখন মার্কিন মুলুকেই নতুন সংসার পেতেছেন টলিউডের এই অভিনেত্রী। স্বামী সুজিত বসুর সঙ্গে প্রবাসে কাটছে তাঁর প্রথম পুজো। মহাসপ্তমীতে সবুজ শাড়ি, সিঁথিভরা সিঁদুরে ধরা দিলেন তনুশ্রী। তাঁর সেই সাজেই স্পষ্ট নতুন জীবনের উদ্যাপন। আর এই বিশেষ মুহূর্তে তনুশ্রী ও তাঁর স্বামীর সঙ্গে ছবিতে দেখা গেল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও।
গত ২৮ নভেম্বর ২০২৫, লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এনে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তনুশ্রী। বেড়াতে গিয়ে যে এমন ভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন, তা নাকি নিজেও ভাবেননি অভিনেত্রী। সুজিত দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সেখানেই থাকছেন তনুশ্রী। তবে অভিনয় থেকে পাকাপাকি ভাবে সরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং দেশ-বিদেশ মিলিয়েই আগামী দিনে কাজ ও সংসার সামলানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
বিয়ের পর প্রথম পুজো বলে এ বারের দুর্গোৎসব তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কলকাতার পুজোর চেনা ব্যস্ততা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বদলে এ বার প্রবাসেই উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন স্বামীর সঙ্গে। মহাসপ্তমীতে তনুশ্রীর সাজও নজর কেড়েছে।
অন্য দিকে, পুজোর মরসুমে প্রবাসে অনুষ্ঠান করতে গিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। আর সেখানেই তনুশ্রী ও সুজিতের সঙ্গে ছবিতে দেখা গেল তাঁকে। কলকাতার দুর্গাপুজো থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও উৎসবের রং যে ফিকে হয়নি, তনুশ্রীর সাজেই তার ইঙ্গিত।
