স্টাফ রিপোর্টার ॥
“ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য র্যালি। পুরো আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি শহরের কালি বাড়ি রোড থেকে শুরু হয়ে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, সিপিপি, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তী অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি ডাঃ শামীম রহমান বলেন, “প্রাকৃতিক বা মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা ও বাস্তব সম্মত জ্ঞান। তাই আমাদেরকে শিশুকাল থেকেই এবিষয়ে জ্ঞান অর্জন করেতে হবে’।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সোহান সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, সিপিপির উপপরিচালক মোঃ হাসানুল আমিন, জেলা শিক্ষা অফিসার (অতিঃ) ও স্কুলটির প্রধান শিক্ষক একে এম ছালেউদ্দিন, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ ফিরোজ, অধ্যক্ষ খালেদা খাতুন ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধি রাশিদা বেগম। আলোচনা শেষে জেলা ফায়ার সার্ভিসের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় একটি মহড়া প্রদর্শিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও ডিআরআরও দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাতেম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।